সিরাজগঞ্জে গরু চুরি ঠেকাতে পুলিশের আগাম টহল জোরদার
জনপদ ও গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ। ছবি: সমকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৪:০৩ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১৪:৩৫
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কোরবানির ঈদ সামনে রেখে গরু-ছাগল চুরি ঠেকাতে থানা পুলিশের আগাম টহল জোরদার করা হয়েছে। থানা পুলিশ ও স্থানীয় গ্রাম পুলিশের সমন্বয়ে আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় নয়টি টিম গঠন করা হয়েছে। এসব টিম জনপদ ও গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত টহল দিচ্ছে।
পুলিশ জানায়, প্রতিটি টিমে ৬ থেকে ৮ জন সদস্য রয়েছে এবং তারা রাতদিন পালা করে টহল কার্যক্রম পরিচালনা করছেন। সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি খামারিদের পশু নিরাপদে রাখার বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।
তাড়াশ প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় কোরবানির জন্য প্রায় ১০ হাজার ৬৩৪টি গরু, ২ হাজার ৮১৪টি বলদ, ৩ হাজার ৪৫১টি বকনা, ১ হাজার ৭০টি মহিষ, ৪১ হাজার ৭১০টি ছাগল এবং ৩ হাজার ৯২০টি ভেড়া প্রস্তুত রয়েছে। পাশাপাশি কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় ২৮ হাজার ৭০৫টি।
স্থানীয়দের অভিযোগ, বিগত বছরগুলোতে কোরবানির আগে বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ট্রাক, পিকআপ ও ভুটভুটি ব্যবহার করে দ্রুত পশু নিয়ে পালিয়ে যায় বলেও জানা গেছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, কোরবানির ঈদ পর্যন্ত পুলিশের টহল ও নজরদারি অব্যাহত থাকবে। তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
