ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

টেকনাফে সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ পদ শূন্য, দুর্ভোগে সেবাপ্রার্থীরা

টেকনাফে সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ পদ শূন্য, দুর্ভোগে সেবাপ্রার্থীরা
×

ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ২০:৫১

টেকনাফ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। এতে প্রতিদিন সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টেকনাফে মূল ১৭টিসহ মোট ৩৩টি সরকারি দপ্তর রয়েছে। এর মধ্যে অন্তত ১৫টি দপ্তরের প্রধান কর্মকর্তার পদ বর্তমানে শূন্য রয়েছে। ফলে অনেক দাপ্তরিক কাজ ধীরগতিতে চলছে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 

খালি থাকা গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর মধ্যে— উপজেলা প্রকৌশলীর পদ ১ মাস ধরে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার পদ ২ মাস ধরে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ ৪ মাস ধরে শূন্য রয়েছে। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদ গত ৩ বছর ধরে খালি রয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদ ২ বছর এবং আইসিটি কর্মকর্তার পদ ১ বছর ধরে শূন্য রয়েছে। অন্যদিকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদ ৫ মাস এবং তথ্যসেবা কর্মকর্তা ও সিপিপি কর্মকর্তার পদ দেড় বছর ধরে শূন্য পড়ে আছে।

সরকারি বিভিন্ন সেবা নিতে আসা স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন অফিসে ঘুরেও তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। 

সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা আবদুল মুবিন বলেন, ‘কয়েকদিন ধরে বিভিন্ন কাজে অফিসে ঘুরছি। কিন্তু কর্মকর্তাদের না পাওয়ায় বারবার ফিরে যেতে হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।’ 

স্থানীয় বাসিন্দা শিক্ষক সাইফুর ইসলাম বলেন, ‘দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত উপজেলা হওয়ায় টেকনাফে সবসময় প্রশাসনিক চাপ বেশি থাকে। রোহিঙ্গা সংকট, সীমান্ত পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে এখানে দক্ষ কর্মকর্তার প্রয়োজন। বিশেষ করে শিক্ষায় পিছিয়ে পরা টেকনাফে দীঘ দিন ধরে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাঘাত হচ্ছে।’

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল মান্নান বলেন, ‘বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, জনসেবার স্বার্থে সরকার দ্রুত এসব শূন্য পদে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেবে।’

আরও পড়ুন

×