নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
ফাইল ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ২১:৫১ | আপডেট: ১৮ মে ২০২৬ | ২১:৫১
কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। রোববার নৌকার মালিক নুরুল হাকিম ও আবসার জানান, আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা স্পিডবোটের মাধ্যমে জেলেদের ধাওয়া করে এবং তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়ার বাসিন্দা মনির আহমেদ, ইয়াছিন, আবদুল মালেক ওরফে শফা ও জামাল হোসেন।
স্থানীয় জেলেরা বলছেন, তাদের বাংলাদেশের জলসীমা থেকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারা জানান, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়াসংলগ্ন নাফ নদ এলাকায় মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা জেলেদের জিম্মি করে। পরে দুটি মাছ ধরার নৌকাসহ তাদের মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যাওয়া হয়।
তারা আরও জানান, সীমান্তবর্তী নাফ নদ থেকে প্রায়ই জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক জেলে এখন নদীতে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন।
টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, আমার এলাকার চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। পরিবারগুলো খুব উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে।
- বিষয় :
- মিয়ানমার
- আরাকান আর্মি
- জেলে
- নাফ নদ
- অপহরণ
