এফডিএফ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজবাড়ী সরকারি কলেজ
ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ২২:৫৪
ফরিদপুর ডিবেট ফোরামের (এফডিএফ) আয়োজনে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ফরিদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল রাজবাড়ী সরকারি কলেজ, সরকারি আইনুদ্দীন কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি রাজেন্দ্র কলেজসহ বেশ কিছু কলেজ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাজবাড়ী সরকারি কলেজ এবং রানারআপ হয় সরকারি রাজেন্দ্র কলেজ। ফাইনালে সেরা বিতার্কিক নির্বাচিত হন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী নাহিয়ান।
‘চির উন্নত মম শির’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করে ডায়নামিক হোস্ট বিডি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার, ফরিদপুর মেডিকেল কলেজের প্রভাষক নিশাত চৌধুরী এবং সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আজম শাকিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ডিবেট ফোরামের উপদেষ্টা পান্না বালা ও হাসানউজ্জামানসহ বিতর্কসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর ডিবেট ফোরামের সহসভাপতি মো. সালাউদ্দিন খান। ফাইনাল বিতর্কের বিচারক ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম হিমালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এসেম্বলি অব ডিবেটার্সের সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি।
আয়োজনটি সফল করতে সহযোগিতা করে জেলা প্রশাসন ফরিদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
- বিষয় :
- বিতর্ক প্রতিযোগিতা
- ফরিদপুর
