ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পদ্মার চরে গভীর রাতে গোলাগুলি, রক্তের আলামত মিললেও নিখোঁজ স্বপন বেপারি 

পদ্মার চরে গভীর রাতে গোলাগুলি, রক্তের আলামত মিললেও নিখোঁজ স্বপন বেপারি 
×

সংগৃহীত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৮:০৯

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে গভীর রাতে গোলাগুলি ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বপন বেপারি (৪০) নামে এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে রক্তের আলামত পাওয়ায় স্থানীয়দের ধারণা, গুলিবিদ্ধ হওয়ার পর মৃত অথবা আহত অবস্থায় তাঁকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো চরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার গভীর রাতে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে এ ঘটনা ঘটে। নিখোঁজ স্বপন বেপারি ওই গ্রামের সিদ্দিক বেপারির ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল দুটি ট্রলারযোগে পদ্মার চর এলাকার কালিদাসখালী গ্রামে প্রবেশ করে। এ সময় তাদের গতিবিধি দেখে টর্চলাইটের আলো ফেলেন স্বপন বেপারি। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা স্বপনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ ও স্বপনের চিৎকার শুনে প্রতিবেশী জিয়াউল হক এগিয়ে গেলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পরে ঘটনাস্থলে স্বপনকে আর খুঁজে পাওয়া যায়নি। 
নিখোঁজ স্বপনের বাবা সিদ্দিক বেপারি বলেন, ‘ঘটনাস্থলে রক্তের আলামত পাওয়া গেছে। ধারণা করছি, গুলিবিদ্ধ অবস্থায় আমার ছেলেকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’

এদিকে ঘটনার পর থেকেই চর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকেই রাতের পর বাইরে বের হতে ভয় পাচ্ছেন। ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, ‘রাতের বেলা হঠাৎ গুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে বাইরে এসে রক্ত দেখতে পাই।’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে স্বপন একটি মাদক মামলায় জামিনে কারামুক্ত হন। বাড়ির পাশে তাঁর একটি মুদি দোকান রয়েছে। তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, স্বপন মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। হয়তো এ কারণে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘পদ্মার চরে বালুর ঘাটকে কেন্দ্র করে প্রায়ই দুষ্কৃতকারীদের তৎপরতা দেখা যায়। আধিপত্য বিস্তার নিয়ে আগেও গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। ডাকাতির ঘটনাও একাধিকবার ঘটেছে।’

প্রতিবেশী জিয়াউল হক বলেন, ‘নদীপথে চলাচল করতে হয় বলে নিরাপত্তাহীনতায় আছি। এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না।’

চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার বলেন, ‘দুষ্কৃতকারীদের দাপটে চরাঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। আবারও গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নৌ-পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, ‘অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ স্বপনের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ‘গুলির ঘটনার পর থেকে স্বপন বেপারি নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলের আশপাশে রক্তের আলামত পাওয়া গেছে। স্বপনকে উদ্ধারে থানা পুলিশ ও নৌ পুলিশের অভিযান চলছে।’ তিনি আরও জানান, নিখোঁজ স্বপনের বাবা সিদ্দিক বেপারি বাদী হয়ে অজ্ঞাত দশ-বারোজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় চারঘাট সার্কেল এএসপি খালেদ হুসাইনের সঙ্গে। তিনি জানান, মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। চরাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আরও পড়ুন

×