ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানুষের মুখে হাসি ফোটানোই আমার পবিত্র দায়িত্ব: সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল

মানুষের মুখে হাসি ফোটানোই আমার পবিত্র দায়িত্ব: সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল
×

ছবি: সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২২:৪৩

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, মানুষের কল্যাণ ও জনগণের মুখে হাসি ফোটানোই তার পবিত্র দায়িত্ব। 

মানুষের সেবার মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘আমি চা বাগানের শ্রমিক ও সনাতন সম্প্রদায়ের মানুষের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা গত জাতীয় সংসদ নির্বাচনে সকল বাধা উপেক্ষা করে বিএনপিকে হবিগঞ্জ-৪ আসন উপহার দিয়েছেন। এখন থেকে চা বাগানের মানুষের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই, আমরা সবাই একটি পরিবার।’  

মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগানে চা শ্রমিকদের মাঝে ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

সংসদ সদস্য সৈয়দ ফয়সল বলেন, জাতীয় সংসদে আমি চা শ্রমিকদের ভূমি অধিকারসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিলেন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড ও খাল খননসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচি এরই মধ্যে শুরু হয়েছে। 

সায়হাম কটন মিলসের এমডি সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, চা বাগানের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন নিশ্চিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।

বিশেষ অতিথি সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, নিরাপদ পানি সরবরাহ ও কর্মসংস্থানের পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অনেক বাগানে টিউবওয়েল স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। 

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, শ্রমিক নেতা উজ্জ্বল কুমার দাস ও ভজন ভৌমিক।

সভায় শ্রমিক নেতারা বলেন, বর্তমান সরকারের নানামুখী উদ্যোগে চা বাগানে ইতিবাচক পরিবর্তন আসছে। গত তিন মাসে ১৭টি মন্দিরে অনুদান, অসহায়দের আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণসহ গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আগে এসব সরকারি সহায়তায় স্বচ্ছতার অভাব থাকলেও এখন প্রকৃত সুবিধাভোগীরাই সরাসরি সহায়তা পাচ্ছেন। 

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের প্রচেষ্টায় আগামীতে চা বাগানের সব নাগরিক সরকারি সুযোগ-সুবিধার আওতায় আসবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

×