ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স
পাঁচজনের স্থলে একজন পরিচ্ছন্নতাকর্মী, স্বাস্থ্যঝুঁকি
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৮:০৬
| প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ী ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী সংকটে ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। অনুমোদিত পাঁচটি পদের বিপরীতে বর্তমানে একজন কর্মী দিয়ে পুরো হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। এতে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মীর অনুমোদিত পদ রয়েছে পাঁচটি। তবে ছয় মাস আগে তিনজন কর্মী অবসরে গেলে বা চাকরি ছেড়ে দিলে পদগুলো শূন্য হয়ে পড়ে। এরপর বাকি দুইজন কর্মী দিয়ে কোনোভাবে কাজ চালানো হচ্ছিল। কিন্তু গত ১৫ এপ্রিল কর্মরত পরিচ্ছন্নতাকর্মী বাস্তী বাঁশফোড় টিউমারজনিত অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বর্তমানে গীতা বাঁশফোড় নামের একমাত্র কর্মীকেই সামলাতে হচ্ছে পুরো হাসপাতালের পরিচ্ছন্নতার দায়িত্ব। অসুস্থ কর্মী বাস্তী বাঁশফোড় তাঁর পরিবর্তে অন্য একজনকে দিয়ে কিছু কাজ করিয়ে নিচ্ছেন। তবে সেটি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
পরিচ্ছন্নতাকর্মী গীতা বাঁশফোড় বলেন, ‘এত বড় হাসপাতালের সব কাজ একা করতে গিয়ে আমিও অসুস্থ হয়ে পড়ছি। সকাল থেকে কর্মকর্তাদের অফিস কক্ষ, ল্যাট্রিন-বাথরুম, ওয়ার্ডগুলোর টয়লেট পরিষ্কার করতে করতেই দুপুর হয়ে যায়। এরপর পুরো স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন ও আঙিনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। সব কাজ শেষ করতে করতেই ছুটির সময় হয়ে যায়।’
হাসপাতালে আসা কয়েকজন রোগী ও স্বজন জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থা ভেঙে পড়লে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন সাধারণ রোগীরাই। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক রোগীদের জন্য অপরিচ্ছন্ন পরিবেশ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই দ্রুত শূন্য পদগুলো পূরণ করে হাসপাতালে স্বাভাবিক পরিচ্ছন্নতা ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মা. মশিউর রহমান জানান, ৬ মাস ধরে তিনটি পদ শূন্য। পদগুলো পূরণ না হওয়ায় হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাইরে থেকে লোক এনে কাজ করাতে হচ্ছে। এতে ব্যক্তিগতভাবেও অর্থ ব্যয় করতে হচ্ছে। তিনি জানান, অসুস্থ পরিচ্ছন্নতাকর্মী বাস্তী বাঁশফোড় তাঁর বদলে একজন লোক দিয়েছেন বলে কিছুটা কাজ চালানো সম্ভব হচ্ছে। না হলে আরও বড় সমস্যায় পড়তে হতো।’ তিনি আরও বলেন, ‘শূন্য পদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত জনবল পাওয়া গেলে বর্তমান সংকট অনেকটাই কেটে যাবে।’
- বিষয় :
- স্বাস্থ্য কমপ্লেক্স
