চট্টগ্রামে সাড়ে ১৯ হাজার লিটার জ্বালানি ও ভোজ্যতেল জব্দ
চৌবাচ্চা তৈরি করে রাখা হয় জেট ফুয়েল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৮:৪২ | আপডেট: ২০ মে ২০২৬ | ০৯:৩০
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি ও ভোজ্যতেল উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় গত সোমবার রাতে চালানো অভিযানে মোট সাড়ে ১৯ হাজার লিটার জ্বালানি ও ভোজ্যতেল জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, ইপিজেড থানার আকমল আলী স্লুইসগেটের কাছে জাহাজ থেকে জব্দ করা হয়েছে অবৈধভাবে খালাস করা প্রায় পাঁচ হাজার লিটার ভোজ্যতেল। পৃথক অভিযানে পতেঙ্গা থানার ভিআইপি রোড-সংলগ্ন এলাকা থেকে জব্দ করা জ্বালানি তেলের মধ্যে রয়েছে– সাত হাজার লিটার জেট ফুয়েল, ছয় হাজার লিটার ডিজেল ও এক হাজার ৫০০ লিটার অকটেন। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে জ্বালানি তেল বহনে ব্যবহৃত একটি ট্রাকও। তবে এসব অভিযানে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
জানা যায়, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সাত হাজার লিটার জেট ফুয়েল শাহ আমানত বিমানবন্দরে নেওয়ার সময় সেগুলো সরিয়ে একটি জায়গায় চৌবাচ্চা তৈরি করে মজুত করে রাখে চোরাকারবারিরা। কোস্টগার্ডের অভিযানে জেট ফুয়েলসহ একই স্থানে মজুত করা আরও জ্বালানি তেল উদ্ধার হয়।
তেল চুরির এ ঘটনায় পদ্মা অয়েলের ব্যবস্থাপক সোহেল ইদ্রিসসহ চারজনকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। বরখাস্ত অন্যরা হলেন– প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক কর্মকর্তা মিল্টন রায়, কর্মী মো. ইদ্রিস এবং ট্যাঙ্ক লরির চালক মো. জসিম উদ্দিন।
পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান জানান, তেল চুরির সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই ঘটনা তদন্তে পৃথক একটি কমিটি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
- বিষয় :
- তেল
- জ্বালানি তেল
- ভোজ্য তেল
