ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা ও সহিংসতা বন্ধের আহ্বান
পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে আয়োজিত মানববন্ধনের একাংশ। ছবি: সমকাল
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৬:২৭
ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এতে বক্তারা এসব ন্যক্কারজনক ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বুধবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক ও কলাপাড়া ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহায়তায় এ কর্মসূচির আয়োজন করে কলাপাড়ার সাধারণ ছাত্র জনতা।
এতে বক্তারা বলেন, চলতি সপ্তাহে কলাপাড়ার চম্পাপুরে সিঁদ কেটে ঘরে ঢুকে এক কলেজ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ছাড়া চাকামইয়ায় সৌদি আরব থেকে ফিরে আসা এক গৃহবধূ হত্যার শিকার হয়েছেন, লালুয়ায় রাবনাবাদ নদীর তীরে মিলেছে এক নারীর মরদেহ। বালিয়াতলীতে ১০ বছরের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, নীলগঞ্জে সাবেক এক সেনা সদস্যের স্ত্রীকে হত্যা করা হয়েছে।
এ ছাড়া গত ছয় মাসে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক মরদেহ উদ্ধার হয়েছে জানিয়ে তারা বলেন, এসব মামলায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার বা চিহ্নিত করতে পারেনি। এমনকি কয়েকটি ঘটনায় মৃত্যুর কারণও ভুক্তভোগীর পরিবার জানতে পারেনি। তাই এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
এ সময় স্কুলকলেজের শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, আভাসের প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম, শিক্ষার্থী হেমা প্রমুখ।
