যৌতুকে কোরবানির ছাগল না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
কোরবানির জন্য ছাগল চাইলে না দিতে পারায় সীমাকে মারধর করা হয়। ছবি: সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৬:৩৭
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার রামগতি এলাকায় কোরবানির ঈদে যৌতুক হিসেবে ছাগল দাবি করে তা না দেওয়ায় এক গৃহবধূকে নির্যাতন ও আগুনে দগ্ধ করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি তার বাবার বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সীমা আক্তার (১৯) অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় টাকা ও যৌতুক দাবি করে আসছিলেন। সর্বশেষ কোরবানির জন্য একটি ছাগল কিনে দিতে বলা হয়। সেই দাবি পূরণ না করায় তাকে মারধর করা হয় এবং একপর্যায়ে আগুনে দগ্ধ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঙ্গলবার সকালে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আব্দুর রহিম ও শ্বশুর মিনাজ উদ্দিন মেজু পলাতক রয়েছেন।
সীমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিয়ের পর থেকেই তাদের পক্ষ থেকে টাকা দাবি করা হতো। এবার কোরবানির জন্য ছাগল চাইলে না দিতে পারায় তাকে মারধর করা হয় এবং আগুনে দগ্ধ করা হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, দরিদ্রতার কারণে ধারদেনা করে বিয়ে দিলেও পরবর্তীতে বারবার যৌতুক দাবি করা হচ্ছিল। সর্বশেষ এই ঘটনায় তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার সময় সীমার চিৎকার শুনে তারা ছুটে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদা আক্তার মিশু জানান, ভুক্তভোগীর মুখে পোড়া দাগ রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফরিদুল আলম বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- যৌতুকের দাবি
- নির্যাতনের অভিযোগ