বিদ্যালয়ে দেওয়া দুধের প্যাকেটে পোকা, টকটক গন্ধ
যশোরের অভয়নগর উপজেলার বুইকরা সিরাজকাঠি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য সরবরাহ করা দুধের প্যাকেট। ছবি: সমকাল
নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৬:৩৮ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৭:১৭
যশোরের অভয়নগরে মিড ডে মিলের আওতায় একটি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বুইকরা সিরাজকাঠি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা খাতুন মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তিনি জানিয়েছেন, আকিজ ডেইরি লিমিটেডের সরবরাহ করা ‘ফার্ম ফ্রেস’ দুধের প্যাকেটে পোকা, বিবর্ণ রঙ ও টকটক গন্ধ পাওয়া গেছে।
প্রধান শিক্ষক সাবেরা খাতুনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ এপ্রিল আকিজ ডেইরি লিমিটেড থেকে তাদের বিদ্যালয়ে ২০০ মিলিলিটারের ৪৫০ প্যাকেট ‘ফার্ম ফ্রেস’ দুধ সরবরাহ করা হয়। গত সোমবার সেই দুধ শিশুদের মাঝে বিতরণ করার সময় ৩০টি প্যাকেট খাবারের অযোগ্য বা নষ্ট বলে মনে হয়েছে। কারণ দুধের প্যাকেটগুলোতে পোকা ছিলো। এ ছাড়া বিবর্ণ রঙ ও টক টক গন্ধ পাওয়া যায়। এ অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তিনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানকে বিষয়টি জানান।
তিনি আরও বলেন, এ বিষয়ে মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান বরাবর লিখিত অভিযোগ করেছেন। এদিন দুপুরে দুধ সরবরাহকারী ঠিকাদারের প্রতিনিধি তাঁর বিদ্যালয় থেকে নষ্ট দুধের প্যাকেটগুলো নিয়ে নতুন ৩০ প্যাকেট দুধ পৌঁছে দিয়েছেন।
নজরুল মোল্যা নামের এক অভিভাবক বলেন, নষ্ট দুধ পেটে গেলে তাদের সন্তানেরা অসুস্থ হয়ে পড়তো। আকিজ ডেইরি লিমিটেডের সরবরাহ করা দুধের ডাক্তারি পরীক্ষা প্রয়োজন। এদের বিরুদ্ধে তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া উচিৎ। উপজেলা শিক্ষা কর্মকর্তা জরুরি ব্যবস্থা নেওয়ায় শিশুদের নিয়ে তাদের হাসপাতালে দৌড়াতে হয়নি।
আকিজ ডেইরি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আওয়াল হোসেনের ভাষ্য, দুধের প্যাকেট ফেটে গেলে একটু সমস্যা হতেই পারে। ফেটে গেলে পোকা ও দুর্গন্ধ হতে পারে। তাদের দুধে কোনো ফরমালিন দেওয়া নেই জানিয়ে তিনি বলেন, বিষয়টি শোনার পরই প্যাকেটগুলো বদলে দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) ওলিউর রহমান বলেন, নষ্ট দুধের বিষয়ে অভিযোগ পাওয়ার পর আকিজ ডেইরি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা দায় এড়ানো কথা বলেছেন। লিখিতভাবে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।
