ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টেকনাফে ভুয়া রোহিঙ্গা ভোটারদের তালিকা তৈরির নির্দেশ

টেকনাফে ভুয়া রোহিঙ্গা ভোটারদের তালিকা তৈরির নির্দেশ
×

ফাইল ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৮:৪৭ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৮:৫৭

টেকনাফ নির্বাচন অফিস থেকে সাবরাং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া রোহিঙ্গাদের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। দৈনিক সমকালে ‘টেকনাফে ভুয়া এনআইডি বাণিজ্য’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। 

দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভুয়া এনআইডি তৈরি করে দেওয়ার যে অভিযোগ ছিল, তা নিয়ে নির্বাচন অফিসসহ স্থানীয় জনপ্রতিনিধিরা তৎপর হয়েছে। 

প্রকাশিত সংবাদটি আমলে নিয়ে ভুয়া এনআইডি ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার বিকেলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন টেকনাফ রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হক। 

অভিযোগে বলা হয়েছে, সংঘবদ্ধ একটি দালালচক্র টাকার বিনিময়ে বহু রোহিঙ্গার জন্য ভুয়া এনআইডি তৈরি করে দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। রোহিঙ্গা ভোটারদের শনাক্ত করে তাদের এনআইডি কার্ড বাতিলসহ দালালচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। অন্যথায় দেশের জন্য হুমকির কারণ হতে পারে। তাই এ সমস্ত রোহিঙ্গাদের এনআইডি তৈরির কাজে সহায়তাকারী দালালচক্রকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে টেকনাফ রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘সমকালের অনুসন্ধানী প্রতিবেদনে ভয়াবহ এই জালিয়াতির চিত্র উঠে এসেছে। বিষয়টি অত্যন্ত গুরুতর। তাই আমি নিজ উদ্যোগে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি, যাতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’  

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং ভুয়া এনআইডি শনাক্ত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করবে।’ 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সক্রিয় একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়পত্র পাইয়ে দিচ্ছে। 

এ বিষয়ে টেকনাফের স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু বলেন, ‘নির্বাচন অফিসের নির্দেশনায় আমার ওয়ার্ডে দালালচক্রের মাধ্যমে টাকার বিনিময়ে যেসব রোহিঙ্গা ভোটার হয়েছেন, তাদের তালিকা তৈরির কাজ চলছে। ইতোমধ্যে বেশ কয়েকজন ভুয়া ভোটার শনাক্ত করা হয়েছে। আমার ওয়ার্ডেই অন্তত শতাধিক রোহিঙ্গা ভোটার থাকার তথ্য পাওয়া গেছে।’ 

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা সালাউদ্দীন আল-আজাদ বলেন, ‘জনপ্রতিনিধিদের ইতোমধ্যে ওয়ার্ডভিত্তিক রোহিঙ্গা ভোটারদের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দালালচক্র ও ভুয়া ভোটারদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, ভুয়া রোহিঙ্গা ভোটার ও দালালচক্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×