সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ শ্রমিকের মৃত্যু
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৯:১০ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৯:২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ হোসেন জানান, আলী মিয়ার নির্মাণাধীন ভবনের নিচের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিক ট্যাংকের ভেতর নামে। তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে পরপর আরও দুজন ভেতরে নামলে তাদেরও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস গিয়ে ট্যাংকের দেয়াল ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, চার শ্রমিকের মধ্যে এক যুবক তার নিজ গ্রাম ধরন্তী গ্রামের। তবে তিনি ওই যুবকের নাম জানাতে পারেননি। অপর তিন শ্রমিক ঘটনাস্থল গলানিয়া গ্রামেরই বাসিন্দা বলে তিনি জেনেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে গ্যাস জমে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত ছাড়া এখনই কোনো কিছু বলা যাচ্ছে না।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- শ্রমিকের মৃত্যু
- সরাইল
