ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ মে ‘চা শ্রমিক দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ

২০ মে ‘চা শ্রমিক দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ
×

চা শ্রমিকদের মুল্লুক চলো আন্দোলনে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী।

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২৬ | ২০:০৮

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। বুধবার সকালে লাক্কাতুড়া চা বাগানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তারাপুর, খাদিম ও দলদলীসহ বিভিন্ন চা বাগানেও দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও সভা অনুষ্ঠিত হয়। 

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার আহ্বায়ক হৃদয় লোহার। এতে বক্তব্য দেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, জরিনা বেগম, শান্ত লোহার, আয়েশা বেগম, রত্না, দুর্জয় লোহার এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক মাহফুজ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘১৯২১ সালের ২০ মে ব্রিটিশ বাগান মালিকদের প্রতারণা ও শোষণের বিরুদ্ধে চা শ্রমিকরা ‘‘মুল্লুক চলো’’ আন্দোলন গড়ে তোলেন। প্রায় ৩০ হাজার শ্রমিক করিমগঞ্জ রেলস্টেশনে সমবেত হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলে আসাম রাইফেলসের গোর্খা বাহিনী তাদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। এ আন্দোলন সর্বভারতীয় শ্রমিক আন্দোলনের পটভূমি রচনা করে।’ 

বক্তারা অভিযোগ করে বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পরও চা শ্রমিকরা শিক্ষা, চিকিৎসা ও ভূমির মালিকানা থেকে বঞ্চিত। দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা, যা মাসে ৫,৬১০ টাকা— অন্য শিল্পের শ্রমিকদের তুলনায় অতি সামান্য। সরকারি শিল্পকারখানার শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা এবং ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মীর মজুরি ২৪ হাজার টাকা হলেও চা শ্রমিকরা চরম বৈষম্যের শিকার।’

বক্তারা অবিলম্বে ২০ মে কে রাষ্ট্রীয়ভাবে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়ে স্ববেতনে ছুটি ঘোষণা, দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ, প্রতিটি বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং চিকিৎসা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন

×