ভিজিএফের চাল ভাগবাটোয়ারা
দেশি অস্ত্র নিয়ে ইউপি কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের হামলা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
চাহিদামতো সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিএফ) চালের কার্ড না পেয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ সময় ইউপি চেয়ারম্যানের সঙ্গে হাতাহাতি ও রামদা হাতে ইউনিয়ন পরিষদের সচিবের দিকে তেড়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের দাবি, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিস মণ্ডল, প্রচার সম্পাদক কনিজ ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম হামলার নেতৃত্বে ছিলেন। ভিজিএফ চালের কার্ডের একটি অংশ জামায়াত নেতাদের দিতে বলায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরেই ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে ঈদ সামনে রেখে ভিজিএফের চাল বিতরণের কার্ড ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। কয়েক দফায় বসেও সুরাহা না হলে পরিষদের ভেতরে উত্তেজনা সৃষ্টি হয়। চেয়ারম্যানের সঙ্গে হাতাহাতির পর স্থানীয় বিএনপির নেতারা দেশি অস্ত্র নিয়ে পরিষদ কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিস মণ্ডল, প্রচার সম্পাদক কনিজসহ বেশ কয়েকজন রামদা হাতে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব মোস্তফা হালিম সিদ্দিকী দিকে তেড়ে যান। তাঁকে মারধর করে। এর আগের একটি ভিডিওতে দেখা যায়, বৈঠক চলাকালীন কয়েকজন চেয়ার থেকে উঠে গিয়ে চেয়ারম্যানকে মারতে যায়। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে ইউনিয়ন পরিষদে ৬০০ ভিজিএফ চালের কার্ড পেয়েছি। স্থানীয় বিএনপি নেতারা চান তারাই সব কার্ড ভাগবাটোয়ারা করে নেবেন। যেহেতু স্থানীয় সংসদ সদস্য জামায়াত নেতা এবং এমপির প্রতিনিধি, তাই তাদের ১০০ কার্ড দিতে বলেছিলাম। বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলার সময় তারা আমার দিকে তেড়ে আসেন। আমি ইউনিয়ন পরিষদ থেকে চলে যাওয়ার পর বিএনপির ১০ থেকে ১৫ নেতাকর্মী দেশি অস্ত্র নিয়ে এসে হামলা চালায়।
ইউনিয়ন জামায়াতের আমির আনিসুজ্জামানের অভিযোগ, ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির লোকজন ঝামেলা করেছে। তবে ইউনিয়ন বিএনপির সভাপতি আনিস মণ্ডল অভিযোগ অস্বীকার করেছেন। মিরপুর থানার ওসি শাহিদুল ইসলাম বলেন, কোনো লিখিত অভিযোগ পাইনি।
- বিষয় :
- ভিজিএফ কর্মসূচি
