ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্থায়ী ক্যাম্পাসের অপেক্ষায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

স্থায়ী ক্যাম্পাসের অপেক্ষায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
×

 সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৮:৪৪

| প্রিন্ট সংস্করণ

দীর্ঘ এক দশক পেরিয়েও নিজস্ব ক্যাম্পাস না পাওয়ায় হতাশা বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। অবশেষে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পথ খুলতে পরিবেশগত ছাড়পত্র দ্রুত অনুমোদনের দাবিতে সরব হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের শিক্ষার্থীরা।

গতকাল বুধবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের মাধ্যমে স্মারকলিপিটি জমা দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকারসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম।
শিক্ষার্থীরা জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের পাঁচটি বিভাগে ১ হাজার ৪০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। অথচ প্রতিষ্ঠার স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শুরু না হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ ও অনিশ্চয়তা বাড়ছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ স্থাপন’ প্রকল্প অনুমোদন পেলেও প্রশাসনিক জটিলতা ও একাধিক সংশোধনীর কারণে বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হয়। পরে ২০২৫ সালের ১৭ আগস্ট একনেক সভায় ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন পায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজায় প্রায় ১০০ একর জমি বন্দোবস্তের কাজ শেষ হয়েছে। জেলা প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার অনাপত্তিপত্রও সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া প্রায় ৩ কোটি ৯৪ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাই কার্যক্রমও সম্পন্ন হয়েছে।
স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। প্রয়োজনীয় প্রক্রিয়ার বেশির ভাগ শেষ হলেও শুধু পরিবেশ ছাড়পত্রের কারণে কাজ আটকে থাকা দুঃখজনক।’ 

উপাচার্য অধ্যাপক ড. হাসান তালুকদার বলেন, ‘এক দশক পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস গড়ে ওঠেনি। পরিবেশ ছাড়পত্রের জটিলতায় পুরো অগ্রযাত্রা যেন থমকে গেছে।’ তিনি আরও বলেন, ‘একটি চক্র পরিবেশ বিপর্যয়ের অজুহাতে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। অথচ সব ধরনের শর্ত পূরণ করেই প্রকল্প অনুমোদনের পথে এগোনো হয়েছে।’

আরও পড়ুন

×