ডুয়েট ক্যাম্পাস ফাঁকা
আন্দোলনকারীদের সঙ্গে ভিসির বৈঠকেও সমাধান হয়নি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৮:৫১ | আপডেট: ২১ মে ২০২৬ | ১২:১৮
| প্রিন্ট সংস্করণ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শিক্ষার্থীদের একাংশের ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণার পর ক্যাম্পাস অনেকটা ফাঁকা হয়ে গেছে। এর মধ্যে আগামীকাল শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ১৫ দিনের ছুটি শুরু হচ্ছে। এদিকে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল গতকাল বুধবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠকে কোনো সমাধান আসেনি।
নতুন উপাচার্যের নিয়োগ বাতিল করে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য দেওয়ার দাবিতে গত মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর পর থেকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করেন।
গতকাল সকাল ১০টায় সরেজমিন দেখা যায়, ডুয়েটের প্রধান ফটক বন্ধ। পকেট গেটও বন্ধ। সেখানে এক ঘণ্টার বেশি অবস্থান করেও কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি। পরে মোবাইল ফোনে কয়েকজন শিক্ষার্থী জানান, শাটডাউন ঘোষণার পর মঙ্গলবার রাতের মধ্যেই বেশির ভাগ শিক্ষার্থী গ্রামের বাড়িতে চলে গেছেন। তবে যাদের বাড়ি দূরের প্রত্যন্ত এলাকায়, তারা গতকাল সকালে ক্যাম্পাস ছাড়েন। এ কারণে সকাল ৯টা পর্যন্ত পকেট গেট খোলা ছিল। এরপর সেটিও বন্ধ করে দেওয়া হয়। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা আবাসিক ভবনে নিজ নিজ বাসায় অবস্থান করছেন। একজন শিক্ষক বলেন, ‘শাটডাউন ঘোষণার পর আমরা অনেকটা অবরুদ্ধ অবস্থায় আছি।’
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫-২০ জনকে নিয়ে বৈঠক করেছেন উপাচার্য মোহাম্মদ ইকবাল। গতকাল বেলা ১১টার দিকে ডুয়েটের পাশে গাজীপুর উপজেলা পরিষদে এ বৈঠক হয় বলে জানান একাধিক শিক্ষক।
ডুয়েটের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খসরু মিয়া সমকালকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য একাই মিটিং করেছেন। সেখানে কোনো শিক্ষক বা অন্য কেউ ছিলেন না। আলোচনা চলছে। তবে বলার মতো কোনো সমাধান আসেনি। উপাচার্য আশা করছেন, শিগগিরই একটা সমাধান হবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সমকালকে বলেন, ‘মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন সদরদপ্তরের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। শিক্ষকরা উপাচার্যকে শিক্ষার্থীদের ৩ দফা দাবি সম্পর্কে অবহিত করেন। নবনিযুক্ত উপাচার্য শিক্ষকদের মাধ্যমে ছাত্রদের জানিয়েছিলেন, অন্তত আন্দোলনকারীদের সঙ্গে যেন একবার বসার সুযোগ করে দেওয়া হয়। সেই অনুরোধ রক্ষা করেছে শিক্ষার্থীরা।’
ডুয়েটের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা জানান, কাল শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হবে। আগামী ৬ জুন বিশ্ববিদ্যালয় খোলার কথা।
