যমুনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ১ শ্রমিক, উদ্ধার ৯
প্রতীকী ছবি
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৫:০৬ | আপডেট: ২১ মে ২০২৬ | ১৫:২৭
বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আঙ্গরী খাতুন নামে এক নারী শ্রমিক নিখোঁজ হয়েছেন। এছাড়া, ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ১০ জন নারী শ্রমিক যমুনা নদীর পূর্বে জেগে ওঠা শানবান্ধা চরে ভুট্টা ও বাদাম তোলার কাজে যান। আকাশে মেঘ দেখে ওই ১০ জন নারী শ্রমিক কাজ না করে নৌকাযোগে বাড়িতে ফিরে আসার জন্য রওনা দেন।
সকাল ১০টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান এলাকায় যাত্রীবাহী নৌকাটি ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে ডুবে যায়। পরবর্তীতে বানিয়াজান এলাকার প্রায় এক কিলোমিটার ভাটির বরইতলী ঘাট এলাকা থেকে ৯ জনকে উদ্ধার স্থানীয় লোকজন।
গোশাইবাড়ি এলাকার গুচ্ছ গ্রামের বাসিন্দা আঙ্গরী খাতুনের স্বামী লাল মিয়া জানান, যমুনা নদীতে ডুবে যাওয়া নৌকায় তার স্ত্রী আঙ্গরী খাতুন ছিলেন।
উদ্ধার হওয়া হাজেরা বেগম জানান, আমরা প্রতিদিন ভোরে ভুট্টা ও বাদাম তোলার কাজে চরাঞ্চলে যাই। নৌকা ডুবে গেলে আমি সাঁতার কেটে প্রায় এক কিলোমিটার ভাটির দিকে বরইতলী ঘাট এলাকায় গিয়ে কূলে উঠি।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, নৌকাডুবির খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে নিখোঁজ নারী শ্রমিক আঙ্গরীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পর্যন্ত উদ্ধারকাজ চলমান রয়েছে।
