ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পবিপ্রবি উপ-উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা এলাকাবাসীর

পবিপ্রবি উপ-উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা এলাকাবাসীর
×

ঢাকা-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী টোল প্লাজা এলাকায় বুধবার সকালে আয়োজিত মানববন্ধনের একাংশ। ছবি: সমকাল

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৬:৩৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের অপসারণ দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে ঢাকা-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী টোল প্লাজা এলাকায় আয়োজিত কর্মসূচিতে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এতে অংশগ্রহণকারী ব্যক্তিরা নানা অভিযোগ তুলে উপ-উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দেন। 

কর্মসূচিতে বক্তারা বলেন, জেলার দুমকী উপজেলার লেবুখালীতে পবিপ্রবি প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সবসময় একটি স্থিতিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশের প্রত্যাশা করেছিলেন। তবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ও তাঁর অনুসারী একটি গোষ্ঠী আওয়ামী লীগের আমলে প্রশাসনিক সুবিধা ভোগকারী ও বিতর্কিত নানা কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এ ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারের রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা যেসব ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন। পাশাপাশি মামলা প্রত্যাহারের আহ্বান জানান। পাঙ্গাশিয়ার বাসিন্দা রাকিব হাসানের অভিযোগ করেন, উপ-উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে এমন একটি গোষ্ঠী সক্রিয়, যারা অতীতে আওয়ামী লীগের সুযোগ-সুবিধা ভোগ করেছে। এখনো নিজেদের স্বার্থ রক্ষায় প্রশাসনের একটি অংশের সঙ্গে সমন্বয় করে অস্থিরতা ও বিভাজনের পরিবেশ তৈরি করছে। 

জাতীয়তাবাদী মহিলা দলের আঙ্গারিয়া ইউনিয়ন শাখার সভানেত্রী বিউটি বেগম সেখানে বলেন, ‘পবিপ্রবি আমাদের এলাকার মুরুব্বিদের ত্যাগ ও পরিশ্রমের ফসল। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় ঘিরে নিয়োগ-বাণিজ্য ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ বারবার সামনে এসেছে। সাধারণ মানুষ হিসেবে আমরা কখনো এ বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের সুযোগ-সুবিধা পাইনি, ভবিষ্যতেও পাওয়ার আশা দেখি না। উল্টো আমাদের ভাই-বোনদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছি। কিন্তু এখানেও একটি পক্ষ বিশৃঙ্খলা ও মব সৃষ্টির চেষ্টা করেছে।’

কর্মসূচিতে পবিপ্রবি প্রতিষ্ঠার অংশীজন, দুমকী উপজেলার আঙ্গারিয়ার বাসিন্দা ও মামলায় অভিযুক্তদের পরিবারের সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন

×