স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৯:০৯
ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বড় ভাইয়ের ওপর হামলা করেছে বখাটেরা। বুধবার সন্ধ্যায় সোনাগাজী সদর ইউনিয়নের পশ্চিম সুজাপুরে এই হামলা হয়। বখাটেদের পিটুনি ও ধারালো অস্ত্রাঘাতে আহত ইমাম হোসেন (২০) নামের ওই তরুণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় ইমাম হোসেনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে বুধবার রাতে সোনাগাজী থানায় মামলা করেছেন। এতে পশ্চিম সুজাপুর এলাকার বাসিন্দা ও কিশোর গ্যাংয়ের দলনেতা মো. তাহসানকে (২১) প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে এতে আসামি করা হয়।
ভুক্তভোগীর পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের মেয়ে সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলে মো. তাহসান। এতে সাড়া না পেয়ে তাহসান মেয়েটিকে উত্ত্যক্ত শুরু করে। এ বিষয়ে জানতে পেরে স্বজনেরা তাহসানের মা-বাবার কাছে প্রতিকার চান। একই সঙ্গে ইমাম হোসেন বোনকে উত্ত্যক্ত না করতে তাহসানকে সতর্ক করেন।
এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে তাহসান দলবল নিয়ে মঙ্গলবার রাতে বাড়িতে ঢুকে মেয়েটির ভাই জাহিদ আলম রাহিকে (১৭) পিটিয়ে পালিয়ে যায়। সকালে এ বিষয়ে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের কাছে বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এতে আরও ক্ষেপে যায় তাহসান। বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে কিশোর গ্যাংয়ের ৮-১০ জনকে নিয়ে সে বাড়ির সামনে এসে কিশোরীর বড় ভাই ইমাম হোসেনের ওপর হামলা চালায়। তারা লাঠিসোটা দিয়ে এলোপাতারি পেটানোর পর ছুরি দিয়ে পেটের বাম পাশ ও চোখে আঘাত করে। ইমামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করেই পালিয়ে যায়। গুরুতর অবস্থায় ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ইমামের পেটের বামপাশে বেশ কিছু জায়গা কেটে গেছে। কিছু ক্ষত গভীর। শরীরের অন্যান্য জায়গায়ও ছুরিকাঘাত ও জখমের চিহ্ন রয়েছে। তাঁর সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।
সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান বলেন, বখাটে তাহসান প্রায়ই বন্ধুদের নিয়ে স্কুল-কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করে। বিষয়টি তার মা-বাবাকে জানিয়েও লাভ হয়নি। এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার ভাইকে বুধবার তাহসান ও সহযোগীরা গুরুতর আহত করেছে। তিনি কিশোর গ্যাংয়ের সদস্য তাহসানসহ বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা নথিভুক্ত হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
