ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খুলনা

বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদল নেতাকে গুলি

বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদল নেতাকে গুলি
×

গুলিবিদ্ধ যুবদল নেতা মাসুম বিল্লাহ এখন আশঙ্কামুক্ত

খুলনা ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৬ | ২০:২৯ | আপডেট: ২১ মে ২০২৬ | ২০:৩০

খুলনায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদল নেতা মাসুম বিল্লাহসহ দু’জনকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজারের জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে তারা সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ পুটিমারী বাজার কমিটির সভাপতি। তিনি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। গুলিবিদ্ধ জাহিদ মাসুমের পরিচিত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসের ভেতরে বসে ছিলেন। এ সময় এলাকার ‌‌‌‌‌‌‌চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত পারভেজ সেখানে প্রবেশ করেন। তর্ক-বিতর্কের একপর্যায়ে অফিসের ভেতরে গুলির শব্দ শোনা যায়। পারভেজ বের হয়ে গেলে ভেতরে গিয়ে দেখা যায়, মাসুম বিল্লাহর বাম পায়ে এবং জাহিদের ডান হাতের বাহু গুলিবিদ্ধ হয়েছে। 

পুটিমারী বাজারের জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়

নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশারফ হোসেন জানান, মাসুম বিল্লাহ ও পারভেজ পূর্ব পরিচিত। কোনো বিষয় নিয়ে কার্যালয়ে ভেতরে দু’জন তর্কে জড়ায়। পরে পারভেজ বাইরে থেকে পিস্তল এনে মাসুমকে লক্ষ্য করে গুলি করে। তাকে বাঁচাতে গিয়ে জাহিদ গুলিবিদ্ধ হয়। পরে মাসুমের পায়েও গুলি করা হয়। তারা দু’জন এখন আশঙ্কামুক্ত।

তিনি বলেন, পারভেজের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার বিভিন্ন অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
 

আরও পড়ুন

×