ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তাড়াশ

শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ‘ভূমি সংক্রান্ত শিক্ষণীয় পাঠদান’ উপজেলা প্রশাসনের

শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ‘ভূমি সংক্রান্ত শিক্ষণীয় পাঠদান’ উপজেলা প্রশাসনের
×

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ২১:১০ | আপডেট: ২১ মে ২০২৬ | ২২:০২

বর্তমান সময়ে অনলাইনে ভূমি নিবন্ধন, নামজারী, খতিয়ান, আর এস, এসে ভূমি রেকর্ড, মিসকেস, খতিয়ান, দাগ নম্বর ভূমি কর, ভূমির নকশা দেখে জমির অবস্থান জানাসহ বহুবিদ বিষয় জানা প্রত্যেক নাগরিকের অতীব জরুরি বিষয়। আর এসব বিষয়ে না জানা ভূমির মালিক প্রজা বা নাগরিকরা নানাভাবে প্রতারিত হয়ে আসছেন যুগ যুগ ধরে। শুধু কি তাই, মামলা মোকদ্দমায় অর্থ- কড়ি ও সময় নষ্ট হচ্ছে। তাই, সবার নিদেন পক্ষে কম করে হলেও ভূমিবিষয়ক সাধারণ কিছু জ্ঞান থাকা চাই। পাশাপাশি প্রতারণা থেকে রেহাই পেতে শুধু বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিই নন শিক্ষার্থীদেরও ভূমি-সংক্রান্ত শিক্ষণীয় জ্ঞান আহরণ করতে হবে কিশোর বা তরুণ বয়স থেকেই। এমনি ধারণা নিয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শেষ দিন আজ বৃহস্পতিবার এক ব্যতিক্রমী পাঠদানের আয়োজন করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসন। 
সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের ‘ভূমি জাদুঘরে’ একদল শিক্ষার্থী  ‘ভূমি সংক্রান্ত শিক্ষণীয় পাঠদান’ কার্যক্রমে অংশ নেন। এটি পরিচালনা করেন, তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন।

শিক্ষার্থীদের নিয়ে ২০২৫ সালে প্রতিষ্ঠিত তাড়াশ ‘ভূমি জাদুঘরে’ রাখা জমিদার আমলের সিন্দুক, ভূমি পরিমাপের জন্য ব্যবহৃত শিকল, পঞ্চাশ বছর আগের টাইপ যন্ত্র, ব্রিটিশ আমলের আরএস ও এস-এ নকশা, অনাকড়ি গন্ডা নামক পরিমাপক যন্ত্র, ভূমিবিষয়ক তথ্য আছে- এমন শত বছর পূর্বেও নানা ধরনের বই, মুসলিম ও হিন্দু ওয়ারিশান-সংক্রান্ত তথ্যাদির ডিসপ্লেসহ ভূমি-সংক্রান্ত জিনিস ঘুরে ঘুরে দেখান। এসময় অ্যাসিল্যান্ড এসব সম্পর্কে প্রাথমিক ধারণাও দেন।

জাদুঘর পরিদর্শন শেষে অ্যাসিল্যান্ড একদল শিক্ষার্থীকে নিয়ে বর্তমান সময়ে অনলাইন ও অফলাইনে পরিচালিত ভূমি কার্যক্রম, মালিকানা, হিন্দু-মুসলিম আইনে ওয়ারিশান, বিশেষ করে নামজারীসহ ভূমির নানা দিক নিয়ে ঘণ্টাব্যাপী ব্যতিক্রমী ‘ভূমি সংক্রান্ত শিক্ষণীয় পাঠদান’ করান। এ সময় পাঠদানে অংশ নেওয়া শিক্ষার্থী জিহাদী হোসেন, নাফি, হুমায়রা, এম.রুবায়েত বুলবুল রিয়নসহ অনেকের ভূমিবিষয়ক প্রশ্নের উত্তরও দেন। 

তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম হুমায়রা খাতুন বলেন, বাসায় জমা-জমির কাগজপত্র নিয়ে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাজ করতে দেখেছি। কিন্তু সেটা কি ধরনের কাজ তার ধারণা ছিল না। আজ সহকারী কমিশনার (ভূমি) স্যারের ভূমি সংক্রান্ত শিক্ষণীয় পাঠদানে অনেক কিছু জানলান ও শিখলাম। একইসঙ্গে ভূমির বিষয়টি তরুণ বয়সেই জানা জরুরি এ বোধোদয়ও হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন বলেন, তরুণদেরকে প্রাথমিক অবস্থায় ভূমি সংক্রান্ত কোনো বিষয়ে জ্ঞান দান করলে কিংবা জানালে বিষয়টি তারা পরবর্তী জীবনে ও মনে রাখবে। আর যেহেতু ভূমি ব্যবস্থাপনার অনেক পরিবর্তন এসেছে যেটা বয়স্করা জানলেও তরুণ শিক্ষার্থীরা অনেকেই জানেন না। অথচ জানা দরকার। এ কারণে ভূমি-সংক্রান্ত প্রাথমিক বিষয়ে ধারণা দিতেই শিক্ষার্থীদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন।

পাঠদান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন ভূমি সেবা সপ্তাহের কুইজে অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সেই সঙ্গে এ প্রসঙ্গে এ কর্মকর্তা জানান, নিজ নিজ সম্পত্তি নিষ্কন্টক রাখতে এখন থেকেই ভূমি-সংক্রান্ত শিক্ষণীয় বিষয়গুলো শিক্ষার্থীদের জানাতে, বোঝাতে পারিবারিক বা শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু সময় বরাদ্দ রাখা প্রয়োজন।

আরও পড়ুন

×