রায়গঞ্জে চোরাই গরু-ছাগলসহ পিকআপ জব্দ
চোরাইকৃত ৩টি গরু ও ১টি ছাগলসহ একটি পিকআপ আটক করেছে থানা পুলিশের টহল টিম। ছবি: সমকাল
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৬ | ১২:২৪ | আপডেট: ২২ মে ২০২৬ | ১৩:৪৩
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় চোরাইকৃত ৩টি গরু ও ১টি ছাগলসহ একটি পিকআপ আটক করেছে থানা পুলিশের টহল টিম। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশের একটি টহল দল ষোলমাইল এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক পিকআপ থামিয়ে তল্লাশি করা হলে ভেতরে থাকা ৩টি গরু ও ১টি ছাগলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পশুগুলো চোরাইকৃত বলে ধারণা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকেই পিকআপটি জব্দ করা হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান চলমান রয়েছে। চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে আছে।
তিনি আরও বলেন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে এবং উদ্ধার করা গবাদিপশু প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে তিনি সবাইকে অনুরোধ জানান।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- পিকআপ ভ্যান
