ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ২১ জেলে উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ২১ জেলে উদ্ধার
×

অপহৃত ২১ জন জেলেকে উদ্ধার করা হয় এবং দস্যুদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়। ছবি: সমকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৩:১৩

সুন্দরবনে বনদস্যু দুই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের পৃথক অভিযানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় অপহৃত ২১ জন জেলেকে উদ্ধার করা হয়েছে এবং দস্যুদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মুক্তিপণের দাবিতে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া ২১ জন জেলেকে অপহরণ করে দুর্ধর্ষ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী ও দয়াল বাহিনী।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সুন্দরবনের শিবসা নদীর বড় দুধমুখ খালে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা গুলি চালালে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। পরবর্তীতে বন্দুকযুদ্ধের পরিস্থিতিতে দস্যু বাহিনীর সদস্যরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি এবং ১ রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়। ওই স্থান থেকে জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ১১ জন জেলেকে উদ্ধার করা হয়।

অন্যদিকে একই দিন ভোর ৪টার দিকে কোস্ট গার্ড সুন্দরবনের আন্ধারমানিকের টোটা ও কেওড়াতলা খালে দয়াল বাহিনীর আস্তানায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে দয়াল বাহিনীর সদস্যরা বনের গভীরে পালিয়ে যায়। পরে সেখান থেকে আরও ১০ জন জিম্মি জেলেকে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×