‘বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র চলছে’
সংগৃহীত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৬ | ২০:২৫
ফরিদপুরের বোয়ালমারীতে খাল খননের সময় বনায়নের গাছ কাটার ঘটনা, সরকারি চাল উদ্ধার ও উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে মানববন্ধনের ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
শুক্রবার সকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘খাল পুনর্খননকে ঘিরে গাছ কেটে বিএনপির ওপর দোষ চাপানো হচ্ছে। আবার বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছে। এগুলো বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা।’
তিনি অভিযোগ করেন, ‘বোয়ালমারীতে উদ্ধার হওয়া ভিজিএফের চাল জামায়াত নেতা সামাদ খানের বাড়ি থেকে পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দিতে ইমাম পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন করা হচ্ছে।’ গাছ কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সভায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন উপস্থিত ছিলেন।
মধুমতি নদী থেকে কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত ছয় কিলোমিটার খাল পুনর্খনন কাজ চলাকালে সামাজিক বনায়নের প্রায় ৩০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
