প্রতিশ্রুতি রক্ষা এমপি লবির
ডুমুরিয়া হাসপাতাল এখন ১০০ শয্যায়
ফাইল ছবি
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৬ | ২২:৫৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা। শপথ গ্রহণের মাত্র তিন মাসের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি করেছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মাদ আলী আসগার লবি।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে এমপি লবি বলেন, ডুমুরিয়ার বিশাল জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো জরুরি ছিল। এখন ১০০ শয্যায় উন্নীত হওয়ার ফলে সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন। পাশাপাশি সেবার মান বজায় রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) কাজল মল্লিক বলেন, ডুমুরিয়া উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ২২৬টি গ্রাম রয়েছে। প্রায় পাঁচ লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গিয়ে দীর্ঘদিন ধরে শয্যা সংকট দেখা দিত। রোগীর চাপ বেড়ে গেলে অনেককে মেঝেতে থেকেও চিকিৎসা নিতে হতো। তিনি বলেন, শয্যা সংখ্যা দ্বিগুণ হওয়ায় স্বাস্থ্যসেবায় বড় ধরনের স্বস্তি আসবে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোশাররাফ হোসেন মফিজ বলেন, হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। নবনির্বাচিত সংসদ সদস্য অল্প সময়ের মধ্যেই সেই দাবি পূরণ করায় এলাকাবাসীর মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।
