ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

প্রতিবাদের মুখে সীমান্ত থেকে বাঁশের খুঁটি সরাল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি
×

ফাইল ছবি

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০০:৩০ | আপডেট: ২৩ মে ২০২৬ | ০৮:১৪

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম গিয়ারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

একই সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে স্থাপন করা বাঁশের খুঁটিও বিজিবির তীব্র আপত্তির মুখে তুলে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বিজিবি সূত্র জানায়, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীন কুচলীবাড়ী ইউনিয়নের কলসির মুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে নিয়মিত টহল দিচ্ছিল বিজিবি। এ সময় প্রধান পিলার-৮০৬ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একদল চোরাকারবারিকে ভারত থেকে বাংলাদেশে ঢুকতে দেখা যায়। বিজিবির টহল দল তাৎক্ষণিক তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা নির্দেশ অমান্য করে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে।

এমন পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা ও নিজেদের নিরাপত্তার স্বার্থে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে চোরাকারবারিরা পণ্য ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

এদিকে, এ ঘটনার কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার সকালে একই ইউনিয়নের কলসির মুখ সীমান্তে বিএসএফের একটি দল জিরো লাইনে নিয়মবহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অবিলম্বে সেই খুঁটি অপসারণের নির্দেশ এবং উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত আইন মেনে চলার কড়া তাগিদ দেওয়া হয়। বিজিবির এমন কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা নিজেদের স্থাপন করা বাঁশের খুঁটিগুলো তুলে নিয়ে চলে যান।

এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, সীমান্তে বিএসএফ প্রায়শই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের বাঁশের খুঁটি বা অস্থায়ী অবকাঠামো স্থাপন করার চেষ্টা চালায়। বিজিবির টহল দল কড়া প্রতিবাদ করলে তারা খুঁটি অপসারণ করতে বাধ্য হয়।

আরও পড়ুন

×