ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে বিচারহীনতার প্রতিবাদ

সংগীত নাটক কবিতায় প্রতিরোধের ভাষা

ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে  বিচারহীনতার প্রতিবাদ
×

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত হয়। এ সময় ত্বকী হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান অংশগ্রহণকারীরা সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৯:০৩

| প্রিন্ট সংস্করণ

কোথাও কবিতার উচ্চারণ, কোথাও নাটকের সংলাপ, আবার কোথাও ক্যানভাসজুড়ে আঁকা হচ্ছে শোক আর প্রতিরোধের ভাষা। এক কিশোরের স্মৃতি ঘিরে গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ যেন পরিণত হয়েছিল ক্ষোভ প্রকাশের উন্মুক্ত মঞ্চে। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে বিচারহীনতার প্রতিবাদ জানিয়ে ‘ত্বকী সমাবেশ’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এ আয়োজনে আলোচনা, সংগীত, নাটক, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনের মধ্য দিয়ে ত্বকী হত্যার বিচার দাবিতে সোচ্চার হন সংস্কৃতিকর্মী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংস্কৃতিজন সামিনা লুৎফা নিত্রা। তিনি বলেন, ত্বকী হত্যাকাণ্ড দেশের মানুষকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়া আরও ভয়াবহ বাস্তবতা। ত্বকী হত্যার বিচার সময়মতো হলে আরও হত্যাকাণ্ড ও নাগরিক অনিরাপত্তার সংস্কৃতি এতটা বিস্তৃত হওয়ার সুযোগ পেত না।
শিল্পী অরূপ রাহী বলেন, ত্বকী হত্যাকাণ্ডের সময় দেশে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কার্যকর ছিল এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সহিংসতার সংস্কৃতি ভয়াবহ রূপ নিয়েছিল। 
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, দেশে বিচারহীনতার কারণে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। একই সঙ্গে ‘মব’ প্রবণতা উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে। 

মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান বলেন, বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন ধরে দেশে চলমান। কল্পনা চাকমা থেকে শুরু করে শিশুহত্যা ও ধর্ষণের বহু ঘটনার বিচার এখনও অধরাই রয়ে গেছে।
আয়োজনের শুরুতেই সাংস্কৃতিক সংগঠন সমগীত সংগীত পরিবেশন করে। এ ছাড়া অংশ নেয় উদীচী শিল্পীগোষ্ঠী এবং নাট্যদল বটতলা। 
সমাবেশে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, আলোকচিত্রী শহিদুল আলম, শিল্পী কাজী কৃষ্ণকলি ইসলামসহ ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুন

×