ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি, আরেকজন গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি, আরেকজন গ্রেপ্তার
×

অভিযুক্ত মনির হোসেন হিরু ও সোহেল। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৮:২৭ | আপডেট: ২৩ মে ২০২৬ | ১৮:৩৩

নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন হিরু (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা। পরে ওই যুবকের স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার রাতের এ ঘটনায় সোহেল (২১) নামের অপর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গণপিটুনিতে আহত মনির হোসেন হিরুকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।

এদিকে শনিবার ভুক্তভোগী শিশুর পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

ভুক্তভোগী শিশুটির মা জানান, শুক্রবার বিকেলে তাদের পাশের বাসার বাসিন্দা দুই যুবক মনির হোসেন হিরু ও সোহেল আমার মেয়েকে ২০ টাকা দেওয়ার কথা বলে একটি ক্ষেতের মাঝে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলার জন্য মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। মনির হোসেন হিরু ও সোহেল দুজনই মাদকাসক্ত। 

তিনি বলেন, দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দিয়েছি। আইন-আদালতে ধর্ষণকারীদের বিচার হবে।

এদিকে ধর্ষণের খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মনির হোসেন হিরু ও সোহেলের বাড়িতে হামলা চালায়। তাদের বাড়িঘর ভাঙচুর করে। হিরুকে তার বাড়ি থেকে ধরে এনে বেধড়ক পেটায়। পরে পরিবারের লোকজন পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জহিরুল ইসলাম জানান, দুপুরে ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মেডিকেল রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহাবুব আলম বলেন, রাতেই আরেক অভিযুক্ত সোহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোহেলকে আদালতে পাঠানো হয়েছে। 

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় এক অভিযুক্তকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়েছে। ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে শিশুটিকে কোর্টের মাধ্যমে মায়ের হেফাজতে দেয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে শিশু নির্যাতন মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দেয়া হবে, যাতে ভিকটিম স্বল্প সময়ের মধ্যে বিচার পায়।

আরও পড়ুন

×