ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ আনসার সদস্য গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ আনসার সদস্য গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২২:১৮ | আপডেট: ২৩ মে ২০২৬ | ২২:১৮

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি ও বানচালের চেষ্টার অভিযোগে ৩ আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হলে তারা নিজেদের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর মহানগরীর সামন্তপুর গ্রামের আফাজ উদ্দিন সরকারের ছেলে রায়হান উদ্দিন সরকার, সামন্তপুর এলাকার ইউনুস আলীর ছেলে আশরাফুল আলম এবং মহানগরীর নহরী পাড়া এলাকার ইউনুস আলীর ছেলে শাকিল আহমেদ। তারা সবাই ইয়ুথ লিডারশিপ কোর্সের প্রশিক্ষণার্থী ও নিজ নিজ এলাকার টিডিপি দলনেতা ছিলেন। 

এ ঘটনায় বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও ভিডিপির অ্যাডজুট্যান্ট মাসুদ হাসান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে একটি বিশেষ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তারা ইন্সট্রাক্টরশিপ কোর্সের প্রশিক্ষণার্থীদের ব্যবহার করে সংঘবদ্ধভাবে বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর চেষ্টা করে। প্রশিক্ষণার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি, দলনেতা ও কমান্ডারদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সমাবেশকে কেন্দ্র করে চাপ সৃষ্টি করার কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ রায়হান উদ্দিন সরকার, আশরাফুল আলম ও শাকিল আহমেদকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় ২১ মে মামলা দায়ের করা হয়।

এজাহারে বলা হয়, অভিযুক্তরা একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সেখানে বিভিন্ন দাবি তুলে ধরে প্রশিক্ষণার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়। একই সঙ্গে অজ্ঞাত ও বিদেশি নম্বর ব্যবহার করে প্রধানমন্ত্রীর দরবারকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগও আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ১৭ মে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে আসা প্রায় ১৭৭ জন সদস্যের মধ্যেও এই চক্র সক্রিয় ছিল। তাদের মাধ্যমে ভাতা বৃদ্ধি, রেশন সুবিধা, স্থায়ীকরণ, নিয়োগে অগ্রাধিকার এবং বিভিন্ন প্রশাসনিক সুবিধা সংক্রান্ত দাবি সামনে আনা হয়। এসব দাবি আদায়ের জন্য প্রধানমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে চাপ সৃষ্টির পরিকল্পনা ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী মাসুদ হাসান বলেন, ‘সমাবেশকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।’ 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিন আসামিকে শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হলে নিজেদের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×