ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দাকোপে র‌্যাবের কাছ থেকে দুই আসামি ছিনতাই

দাকোপে র‌্যাবের কাছ থেকে দুই আসামি ছিনতাই
×

ফাইল ছবি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২২:৫২

ঘের দখলকে কেন্দ্র করে খুলনার দাকোপ উপজেলার আচাঁভুয়া বাজারে শনিবার বিক্ষোভ মিছিল থেকে র‌্যাবের হাতে আটক হওয়া দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে বিক্ষোভকারীরা। পরে সন্ধ্যায় তাদের র‌্যাবের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বিএনপি নেতারা। 

স্থানীয়রা জানান, উপজেলার পানখালী ইউনিয়নের খোনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বাইরে প্রায় ৪০ বিঘা জমিতে বেশ কয়েক বছর ধরে আবদুল্লাহ ফকির, বাবলু সানা ও সাজ্জাদ হোসেন সরদার মাছ চাষ করে আসছেন। সম্প্রতি একই এলাকার মুকুন্দ মণ্ডল, বাচ্চু ফকির ও রসুল গাজীদের সঙ্গে ওই মাছের ঘের নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় গত ১৬ মে সন্ধ্যায় বাচ্চু ফকিরের নেতৃত্বে লোকজন ঘেরে অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় আবদুল্লাহ ফকির পক্ষের পাঁচজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় গত বৃহস্পতিবার বাচ্চু ফকিরসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিপক্ষ থানায় মামলা করে। 

এদিকে ১১ জনের বিরুদ্ধে থানায় হয়রানিমূলক মামলা করার ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে পানখালী ইউনিয়নের খোনা, খাটাইল ও তিলডাঙ্গা গ্রামের কয়েকশ নারী-পুরুষ আচাঁভুয়া বাজারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় খুলনা র্যাতব-৬-এর সদস্যরা ওই মামলার এজাহারভুক্ত আসামি মুকুন্দ মণ্ডল ও রসুল গাজীকে আটক করে। র্যাুব সদস্যরা তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা তাৎক্ষণিক র্যাুবের গাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা র‌্যাবের  গাড়িতে হামলা করে আটক আসামি ছিনিয়ে নেয়। এ সময় উপজেলা বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন।

পরে এ নিয়ে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেন ও সদস্য সচিব আলামিন সানার নেতৃত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় তারা বলেন, ‘সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বন্দোবস্তকৃত ও সরকারি ওই জমি জোর করে দখল করা নিয়ে আব্দুল্লাহ ফকির ও রাশেদ কামালের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ চলে আসছে। আমরা পরিস্থিতি শান্ত রাখার জন্য প্রশাসনকে সবসময় সহযোগিতা করে আসছি।’ 

দাকোপ থানার ওসি শেখ খায়রুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আচাঁভুয়া বাজারে বিক্ষোভ চলছিল, সেখান থেকে র্যাসবের একটি টিম দুই যুবককে আটক করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
 

আরও পড়ুন

×