নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করতে হবে: পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী
বগুড়া সিটি করপোরেশনে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৬:৩৪
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের নাগরিকদের দুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
রবিবার বেলা ১২টায় বগুড়া সিটি করপোরেশন হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফুটপাত দখলমুক্ত করা হবে তবে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। তাদের জন্য পরিকল্পিত ও সন্তোষজনক পুনর্বাসনের ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়াও বগুড়া ওয়াসা গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) ও নগরবাসীর নিরাপত্তার জন্য মেট্রোপলিটন পুলিশ, তিলোত্তমা বগুড়া গড়তে মাটিডালী থেকে বনানী পর্যন্ত এসি বাস, তিনটা রেলগেটে অভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণ ও ফুটবল স্টেডিয়াম নির্মাণসহ সরকারের একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেন। এসব প্রকল্প প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন।
মীর শাহে আলম বলেন, ‘আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করার জন্য দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও প্রশাসক নিজে উপস্থিত থেকে তদারকি করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ দেশের সব মহানগর আধুনিক ও পরিকল্পিক নগরী হিসেবে গড়ে উঠবে।’
মতবিনিময় সভায় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-জয়পুরহাট এলাকার সংরক্ষিত সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ প্রমূখ।
- বিষয় :
- স্থানীয় সরকার
- প্রতিমন্ত্রী
- উন্নয়ন প্রকল্প
