চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
ছাত্রলীগের পোস্টার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৯:১২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আবারও পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন স্টেশন, লেডিস ঝুঁপড়ি, কলার ঝুঁপড়ি, প্রক্টর অফিসের সামনে এবং মেরিন সায়েন্স অনুষদসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা যায়।
পোস্টারগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবির পাশাপাশি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের ছবি ব্যবহার করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পোস্টারে লেখা রয়েছে, ‘পাহাড়ের বুকে সবুজের গানে, নতুন স্বপ্ন জাগে চবির প্রাণে’ এবং ‘একটি নাম শুনো নবীন, আ জ ম নাছির উদ্দীন’। পোস্টারের মাঝ বরাবর শাটল ট্রেনের সময়সূচিও দেওয়া হয়েছে।
এবারের পোস্টারিং কর্মসূচিতে নেতৃত্ব দেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শাওন। তিনি বলেন, ‘নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাতেই এই কর্মসূচি। মুক্তিযুদ্ধের চেতনাকে পথপ্রদর্শক মেনে তোমরাই গড়বে আগামীর সোনার বাংলা।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, ‘বড় ক্যাম্পাস হওয়ায় অনেকে গোপনে এসব কাজ করে যায়। নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পোস্টারসহ ক্যাম্পাসের যেকোনো বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে।’
এর আগে গত ২৭ এপ্রিল, ১১ মে ও ১৭ মে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে নিষিদ্ধ এই সংগঠনের পোস্টার দেখা যায়।
- বিষয় :
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- ছাত্রলীগ
- পোস্টার
