নেই চলাচলের রাস্তা, হাসপাতালে নিতে-নিতেই রোগীর মৃত্যু
রাস্তা না থাকায় বাঁশের মধ্যে জাল বেঁধে অসুস্থ ব্যক্তিকে নেওয়ার ব্যবস্থা করেছেন স্বজনরা। ছবি: সমকাল/কে এম আজাদ রহমান
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৯:১৫ | আপডেট: ২৪ মে ২০২৬ | ২০:১৯
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম জলিরপাড় গ্রামে যাতায়াতের কোনো রাস্তা নেই। তাই মোনাই অধিকারী (৬০) নামের অসুস্থ এক বৃদ্ধকে রাতের সময় দ্রুত হাসপাতালে নিতে পারেনি তার পরিবার। ফলে পরদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে নিতেই মৃত্যু হয় রোগীর।
মোনাই অধিকারীর পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লেও যাতায়াতের সুবিধা না থাকায় ওই রাতে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরদিন সকালে বাঁশ ও জালের সাহায্যে চাঙারি বানিয়ে কাঁধে ঝুলিয়ে দীর্ঘ দেড় কিলোমিটার পথ হেঁটে তাকে মূল সড়কে আনতে বাধ্য হন স্বজনরা। সেখান থেকে ভ্যানযোগে তাকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। কিন্তু চিকিৎসা দিতে দেরি হওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। নিহতের স্ত্রী রিনা অধিকারী জানান, রাতেই নেওয়ার ব্যবস্থা থাকলে হয়তো তাকে বাঁচানো যেত।
এর আগে একই বাড়ির ব্রজেন হালদারের স্ত্রী ৯০ বছর বয়সী কুমুদিনী হৃদরোগে আক্রান্ত হলে তাকেও একইভাবে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে মোনাইয়ের কাকা শ্বশুর সঞ্জয় হালদার বলেন, রাস্তা না থাকায় পরের দিন সকালে বাঁশে নেট বেঁধে অসুস্থ মোনাইকে কাঁধে ঝুলিয়ে বিভিন্ন মানুষের বাড়ির উঠান, জমির আইল, পানবরজ ও ঘেরের পাশ দিয়ে দেড় কিলোমিটার হেঁটে মূল সড়কে পৌঁছাই।
এ ব্যাপারে পশ্চিম জলিরপাড় গ্রামের মালা হালদার (৩০) ও গোলাপী হালদার (৫৫) জানান, বেশি ভোগান্তিতে পড়তে হয় বর্ষাকালে। পায়ে হাঁটা যায় না, নৌকাও চলে না। সন্তানসম্ভবা গৃহবধূরা অসুস্থ হয়ে পড়লে বেশি ভোগান্তিতে পড়তে হয়। ভোটের আগে অনেক প্রার্থীরা আমাদের যাতায়াতের জন্য রাস্তা করার প্রতিশ্রুতি দেয়। ভোটের পরে আর আমাদের সংবাদ নেয় না।
এ বিষয়ে বাকাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পরিমল হালদার বলেন, ইউএনও স্যার বলেছেন মাটির কাজের জন্য বরাদ্দ নেই। আমরা স্থানীয়ভাবে মাটির কাজ করলে তিনি হেরিংবোন বন্ডের কাজ করে দেবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক সাংবাদিকদের বলেন, পশ্চিম জলিরপাড় গ্রামের যে রাস্তাটি হওয়ার প্রয়োজন, সে জায়গাটি সরেজমিন দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বরিশাল
- চিকিৎসা
- বৃদ্ধের মৃত্যু
- উন্নয়ন
