ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদে ৭ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর, চালু থাকবে ইমিগ্রেশন

ঈদে ৭ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর, চালু থাকবে ইমিগ্রেশন
×

ছবি: সমকাল

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ২২:৫০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর টানা সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট ও ই-গেট কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এই ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুন সকাল থেকে পুনরায় বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, ‘বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ যথারীতি খোলা থাকবে। ফলে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা এই ছুটির দিনগুলোতেও উভয় দেশের মধ্যে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।’

স্থলবন্দরের ই-গেটের কম্পিউটার অপারেটর রশিদ রানা বলেন, ‘ছুটির দিনগুলোতেও ই-গেট কার্যক্রম সম্পূর্ণ সচল ও খোলা থাকবে, যাতে যাত্রীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা পেতে পারেন।’

আরও পড়ুন

×