ঈদে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত
প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১১:৫৫
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার দুই বছরের মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছেন।
সোমবার (আজ) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আনিছুর রহমান এবং তার দুই বছরের কন্যা পুষ্প। আহত হয়েছেন তার স্ত্রী আয়েশা বেগম। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি পাবনায়।
বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আনিছুর রহমান রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। পথে বনানী এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এতে তারা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন এবং স্ত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহত নারীকে হাসপাতালে পাঠায়।
শাজাহানপুর থানার ওসি আসিক ইকবাল জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- বগুড়া
- ঈদের ছুটি
- ট্রাকের ধাক্কায় নিহত
