ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কৃষি ও মৎস্য উৎপাদনে প্রতিটি সম্পদকে কাজে লাগানো হবে: কৃষিমন্ত্রী

কৃষি ও মৎস্য উৎপাদনে প্রতিটি সম্পদকে কাজে লাগানো হবে: কৃষিমন্ত্রী
×

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৩:৪৭ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১৪:৫৩

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না। কৃষি ও মৎস্য উৎপাদনে প্রতিটি সম্পদকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শনিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষিজমি, জলাশয়সহ সব উৎপাদনক্ষম সম্পদকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি সরকারের মূল লক্ষ্য। শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরসহ অব্যবহৃত জলাশয়গুলোকে উৎপাদনমুখী ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ভিক্টোরিয়া কলেজের জলাশয়ে হালদা নদীর উন্নতমানের দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যা দ্রুত বৃদ্ধি পাবে এবং স্বল্প সময়েই উল্লেখযোগ্য আকার ধারণ করবে।

মন্ত্রী জানান, মাছচাষি ও কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকার কৃষিযন্ত্র, হারভেস্টিং ও প্লান্টিং মেশিন বিতরণ করছে। পাশাপাশি উন্মুক্ত জলাশয়ে ব্যাপকভাবে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়ানো হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশীয় কার্পজাতীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে হ্যাচারিগুলো আধুনিকায়ন করা হচ্ছে এবং উন্নতমানের পোনা উৎপাদন বাড়িয়ে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হচ্ছে।

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×