ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কারাবন্দী অবস্থায় সাবেক পিপি আব্দুল লতিফের মৃত্যু

কারাবন্দী অবস্থায় সাবেক পিপি আব্দুল লতিফের মৃত্যু
×

সাতক্ষীরা জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৩:৫৮

সাতক্ষীরা জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। সোমবার রাত আনুমানিক ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ সাতক্ষীরা সদর উপজেলার কামার বায়সা গ্রামের মৃত মুনসুর সরদারের ছেলে। তিনি সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি এবং আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবারের দাবি অনুযায়ী, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর খুলনার বয়রা এলাকা থেকে তাকে ও তার ছেলে রাসেলকে আটক করা হয়। এরপর থেকে তিনি তিনটি হত্যা মামলায় কারাগারে ছিলেন।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দুলাল কর্মকার জানান, সোমবার রাত ৩টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. আব্দুর রহমান বলেন, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্ত করা হবে এবং পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

আরও পড়ুন

×