ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ১৫

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ১৫
×

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৬:৪১ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১৬:৪২

গোপালগঞ্জের সোনাশুর এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

সোমবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল করিম (২৮), কোটালীপাড়া উপজেলার হালিম শেখ (৫৮), আজিজুর রহমান (৪৫), ফাতেমা (৪২), তাহসিনা (২০), রিফাত আলী (২০), মামুন দাড়িয়া (৪২) এবং প্রাইভেটকারচালক রাব্বি (২৯)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী স্টার এক্সপ্রেসের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং মাইক্রোবাস ও প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গুরুতর আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে বিকেল ৩টার দিকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
 

আরও পড়ুন

×