ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ময়মনসিংহে দুই দিনে ৩ ট্রেনের ইঞ্জিন বিকল

ময়মনসিংহে দুই দিনে ৩ ট্রেনের ইঞ্জিন বিকল
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৭:৩০

ঢাকা-ময়মনসিংহ রেলপথে দুই ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। ফলে এই ব্যস্ত রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ঈদুল আজহার যাত্রার ব্যস্ততার মধ্যেই পর পর এই দুই দুর্ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এর আগের দিনও একই রুটে অপর একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

রেলওয়ে সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘জামালপুর কমিউটার’ ট্রেনটি গফরগাঁও উপজেলার হাতীখলা এলাকায় পৌঁছালে ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি মাঝপথে আটকে যায় এবং ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে চালক ও রেলওয়ের কারিগরি কর্মীরা প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে ইঞ্জিনটি আংশিক সচল করতে সক্ষম হন। সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি মশাখালী স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে।

তবে ওই ঘটনার কিছুক্ষণ পরই বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ‘দেওয়ানগঞ্জ কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় ট্রেনটি থেমে গেলে আবারও পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ময়মনসিংহ জংশন ও আউলিয়ানগর স্টেশনসহ বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। খবর পেয়ে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়। রেলওয়ের কর্মকর্তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে ট্রেন উদ্ধার ও লাইন স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়েছে।

এর আগে রোববার বিকেলে ঢাকা থেকে জামালপুরগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় আগুন লাগে। পরে প্রায় এক ঘণ্টা মেরামতের পর ট্রেনটি আবার চলাচল শুরু করে।

পরপর তিনটি ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। অনেকেই অভিযোগ করেন, ঈদের আগে বাড়তি যাত্রীচাপ থাকলেও পুরোনো ইঞ্জিন দিয়েই ট্রেন পরিচালনা করা হচ্ছে। এতে মাঝপথে দুর্ঘটনা ও বিকলের ঝুঁকি বাড়ছে।

ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আজ সোমবার ঢাকা ও জামালপুরগামী দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। গতকালও একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছিল। মূলত এই রুটে চলাচলকারী ট্রেনগুলোর বেশির ভাগ ইঞ্জিনই অনেক পুরোনো। অতিরিক্ত চলাচলের কারণে ইঞ্জিনগুলো অতিরিক্ত গরম (ওভারহিট) হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। নতুন ইঞ্জিন যুক্ত করা ছাড়া এই পরিস্থিতি স্থায়ীভাবে স্বাভাবিক হবেনা।’

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট আবদুল্লাহ আল হারুন বলেন, ‘ফাতেমানগর স্টেশনে আটকে পড়া দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি উদ্ধারে দ্রুত একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে লাইন ক্লিয়ার করে রেল চলাচল স্বাভাবিক করার জন্য আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছেন।’

আরও পড়ুন

×