ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শ্যামনগরে খাল পুনঃখননে বাধার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

শ্যামনগরে খাল পুনঃখননে বাধার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
×

মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ২০:১২ | আপডেট: ২৫ মে ২০২৬ | ২০:১৩

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাংসের খাল পুনঃখননকাজে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটায় উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে স্থানীয় কৃষক ও সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক মো. সালাউদ্দিন, মোফাজ্জল হোসেন, কৃষক আবুল কালাম আজাদ, মাওলানা আবুজার রহমান, ওয়াজেদ আলী, ইব্রাহিম খলিল, আবুজার গাজী, আলামিন হোসেন প্রমুখ।

মানববন্ধনে অভিযোগ করা হয় দীর্ঘদিন ধরে পাংসের খাল ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি পানি নিষ্কাশন এবং স্থানীয় জনজীবনেও তার প্রভাব পড়ছে। এসব সমস্যা নিরসনের লক্ষ্যে সরকারি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হলেও একটি এনজিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অপপ্রচার চালিয়ে প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।

বক্তারা বলেন, ‘সুশীলন নামের এনজিওটি মূলত ভূমি খাদক। তারা যে জমির উপরে চোখ দেয় সেই জমির মালিকদের দেশছাড়া করে। ওই এনজিও বর্তমানে প্রভাব বিস্তার করে সরকারি খাল দখল করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। ফলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল খননের কাজ শুরু হলেও সুশীলনের বাধার মুখে তা বন্ধ হয়ে গেছে। খাল পুনঃখনন হলে এলাকার কৃষকরা উপকৃত হবেন, জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাই জনস্বার্থে চলমান এই কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা বন্ধ করতে হবে।’

মানববন্ধন থেকে বক্তারা অপপ্রচার ও উন্নয়নমূলক কাজে বাধা প্রদানকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পরে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে বড় ধরনের কর্মসূচি দেওয়ার ঘোষণা করেন।

আরও পড়ুন

×