চট্টগ্রামে প্রেমের বিরোধে ছাদ থেকে ফেলে তরুণীকে হত্যার অভিযোগ
গ্রেপ্তার আব্দুর রহমান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ২০:১৬ | আপডেট: ২৫ মে ২০২৬ | ২০:২১
চট্টগ্রামে হাসপাতালের ছাদ থেকে পড়ে মাথা বিচ্ছিন্ন হওয়া তরুণী রিয়া আক্তার রিতার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ইউএসটিসি হাসপাতাল ভবনের পাঁচতলা থেকে আব্দুর রহমান শেখ নামের এক যুবক তাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ফেনীর সোনাগাজীর বাদামতলি এলাকা থেকে অভিযুক্ত আব্দুর রহমান শেখকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। রহমান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ভাটখালি এলাকার মৃত সোহরাব শেখের ছেলে।
ভুক্তভোগীর মা জমিলা বেগম জানান, ‘নগরের পাহাড়তলি এলাকায় পরিবার নিয়ে থাকি। সিডিএ মার্কেট এলাকার একটি গার্মেন্টসে রিতা কাজ করতেন। চাকরি সুবাদে আব্দুর রহমান প্রায় রিতাকে প্রেম করার জন্য বিরক্ত করতেন। কয়েক মাস আগে মারামারির ঘটনায় রহমানের চাকরি চলে যায়। এরপরও তিনি রিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রহমান আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
খুলশী থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘প্রেম সংক্রান্ত বিরোধের জেরে রিয়া আক্তার রিতাকে কৌশলে খুন করার ঘটনায় আব্দুর রহমান শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে গার্মেন্টস ছুটির পর কৌশলে রিয়াকে ফয়েস লেক এলাকায় নিয়ে যায় রহমান। পরে গুরুত্বপূর্ণ কথা আছে বলে ইউএসটিসি হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের পাঁচতলার গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রিতার মা জমিলা বেগম খুলশী থানায় হত্যা মামলা করেন। পরে ফেনীর সোনাগাজীর বাদামতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’
