মাদক কারবারির সঙ্গে সখ্য, ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ২২:০২
সাভারে শীর্ষ মাদক কারবারি শামীম হোসেনের সঙ্গে সখ্য থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাভার মডেল থানা পুলিশের তিন কর্মকর্তা তাৎক্ষণিক প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার বিকেলে সাভার মডেল থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্য হলেন– সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির, সহকারী উপপরিদর্শক (এএসআই) আসিফুর ও মেরাজ।
পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ‘আমরা সবসময় আইন অনুযায়ী কাজ করি। তাই মাদক কারবারি শামীমের সঙ্গে যোগাযোগ রাখার অপরাধে তিন পুলিশ কর্মকর্তাকে সঙ্গে সঙ্গে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘আমরা ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া সাংবাদিকদের ক্যামেরা, মোবাইলসহ ছিনতাই হওয়া জিনিসপত্র উদ্ধার এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সে অনুযায়ী এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’
ঈদকেন্দ্রিক নিরাপত্তা বিষয়ে পুলিশ সুপার আরও জানান, ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। উৎসবের ছুটিতে যারা বাড়ি যাবেন, তাদের ফাঁকা বাসায় যেন কোনো দুর্ঘটনা বা চুরি-ডাকাতি না ঘটে, সেজন্য পুলিশের বিশেষ তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। এ সময় তিনি সাভার থানার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এর আগে তিনি আশুলিয়া ও ধামরাই থানা পরিদর্শন করেন।
তিন দিন আগে সাভারের রাজাশন এলাকায় শীর্ষ মাদক কারবারি শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দেশ টিভি ও এসএ টিভির তিন সাংবাদিক। সন্ত্রাসীরা তাদের পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় সাভার মডেল থানায় শামীমকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও মূল হোতা শামীমকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
- বিষয় :
- সাভার
- পুলিশ কর্মকর্তা
- প্রত্যাহার
