ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিরপুরে ধর্ষণের পর শিশুহত্যার বিচার শুরু ১ জুন: আইনমন্ত্রী

মিরপুরে ধর্ষণের পর শিশুহত্যার বিচার শুরু ১ জুন: আইনমন্ত্রী
×

আইনমন্ত্রী আসাদুজ্জামান

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ২২:২৫

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতায় যেসব বিচারিক আদালত রয়েছে, সে আদালতগুলো ছুটির মধ্যে খোলা থাকবে। সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল সোমবার চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আপনারা দেখবেন, মিরপুরে ধর্ষণের পর শিশুহত্যার বিচার ১ জুন শুরু হচ্ছে। ঈদের ছুটির পর প্রথম যেদিন অফিস আদালত খুলবে ওই দিনই এ ঘটনার বিচার শুরু হবে।’
আসাদুজ্জামান বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আসামি জবানবন্দি দিয়েছে। আমরা বলেছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশিট হয়েছে। আমরা বিচারের প্রক্রিয়ায় এগিয়ে গেছি।’

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে হওয়া আচরণেরও সমালোচনা করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ঝিনাইদহে এনসিপির সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে বিএনপিও একইভাবে দেখছে। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে, সেটা কেউ কামনা করে না এবং শোভনও নয়।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শরীফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম এ তালহা, কৃষক দল সভাপতি মোকাররম হোসেন প্রমুখ।

পরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মিশনারি মাঠে কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে যোগ দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

আরও পড়ুন

×