ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নবনির্বাচিত কমিটির সভায় সংগঠনের সভাপতি আমিরুল হক

দল যার যার, চট্টগ্রাম চেম্বার সবার

দল যার যার, চট্টগ্রাম চেম্বার সবার
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৭:৩৭

| প্রিন্ট সংস্করণ

রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে গিয়ে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত সভাপতি আমিরুল হক। তিনি বলেছেন, ‘দল যার যার, কিন্তু ঐতিহ্যবাহী চট্টগ্রাম চেম্বার সবার।’ গতকাল সোমবার চেম্বারের প্রেসিডিয়াম নির্বাচনে সংগঠনটির শীর্ষ তিন পদে নতুন নেতৃত্ব চূড়ান্ত হওয়ার পর আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক মেয়াদে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টর্সের সভা গতকাল সোমবার নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। 

নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নবনির্বাচিত পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে নবনির্বাচিত পরিচালকমণ্ডলী থেকে প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ আমিরুল হক সভাপতি, মো. আমজাদ হোসেন চৌধুরী সিনিয়র সহসভাপতি ও মোহাম্মদ মসিউল আলম স্বপন সহসভাপতি নির্বাচিত হন। 
সভায় আমিরুল হক বলেন, ‘মর্যাদা ও স্বচ্ছতা বজায় রেখেই চেম্বার পরিচালনা করতে চাই। আমার নীতি হবে, দল হবে যার যার, চেম্বার হবে সবার। যতক্ষণ আমি ডিগনিটির সঙ্গে চালাতে পারব, ততক্ষণ থাকব। যেদিন মনে হবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছি, সেদিন চেয়ার ছেড়ে দেব। কোনো সমালোচনা থাকলে সরাসরি আমাকে জানালে খুশি হব।’ এ সময় তরুণ উদ্যোক্তা ও নারীদের সম্পৃক্ত করে একটি রিফর্ম কমিটি গঠনের কথাও জানান তিনি।

চট্টগ্রামের শিল্প খাতের বর্তমান অবস্থা তুলে ধরে নবনির্বাচিত সভাপতি আমিরুল হক বলেন, এক সময় ৬৫০টি গার্মেন্ট কারখানা থাকলেও বর্তমানে তা কমে ২৫০টিতে নেমে এসেছে। শিপ ব্রেকিং শিল্প পরিবেশগত অজুহাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে এ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে অর্থনীতি চলবে কীভাবে?’ 
সভায় চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন চৌধুরীও বক্তব্য দেন। উপস্থিত ছিলেন চেম্বার প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম ও সদস্য মো. হেদায়েত উল্যাহ। 

আরও পড়ুন

×