ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
যমুনা সেতুতে গাড়ি বিকল-দুর্ঘটনা, ১৭ কি.মি. ধীরগতি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরে চলছে যানবাহন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১২:১৫ | আপডেট: ২৬ মে ২০২৬ | ১২:১৫
অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর উপর গাড়ি বিকল ও দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সেতুর উপর দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে যমুনা সেতু থেকে মহাসড়কের পুংলি পর্যন্ত ১৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। তবে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দীন বলেন, ঝড় ও বৃষ্টির কারণে গাড়ির দীর্ঘ সারি ছিল। সেই দীর্ঘ সাড়ির মধ্যেই যমুনা সেতুর উপর একাধিক গাড়ি বিকল ও সড়ক দুর্ঘটনা ঘটে। ফলে মহাসড়কে যানবাহনের আরও ধীর গতি দেখা যায়। সোমবার রাত ১২টা থেকে এখন পর্যন্ত সেতুর উপরে ১১টি গাড়ি বিকলের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালেও আবার যমুনা সেতুর উপরে উত্তরবঙ্গগামী লেনে এক সাথে ৪টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো রেকারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা চলছে। এরফলেও মহাসড়কে ধীর গতির সৃষ্টি হয়।
এদিকে বাস না পেয়ে বৃষ্টির মধ্যে খোলা ট্রাকে করে ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন অনেকে। তবে গুনতে হচ্ছে বাড়তি টাকা।
নওগাঁ যাওয়ার জন্য স্ত্রী-পুত্রকে নিয়ে রাবনা বাইপাসে দাঁড়িয়ে আছেন শরিফুল হক। তিনি বলেন, ‘প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে আছি, কোনো বাস পাচ্ছি না। অতিরিক্ত ভাড়া দেওয়ার কথা বললেও তারা নিচ্ছে না। ভাবছি এখন ট্রাকে করেই জীবনের ঝুঁকি নিয়ে যাব।’
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীর বলেন, সেতুর উপরে গাড়ি বিকল ও দুর্ঘটনার ফলে পুংলী পর্যন্ত মহাসড়কের যানবাহনের ধীর গতির সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছে।
- বিষয় :
- টাঙ্গাইল
- যানজট
- যমুনা সেতু
