চার ঘণ্টা গাছে আটকে থাকা বিড়াল উদ্ধার করল ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ মই ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৮:৩১
যশোরে প্রায় ৩০ ফুট উঁচু খেজুর গাছে চার ঘণ্টা আটকে থাকা একটি বিড়ালকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে সদর উপজেলার আরবপুর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে কোনোভাবে বিড়ালটি খেজুর গাছে উঠে পড়ে। তবে ওপরে ওঠার পর আর নিচে নামতে পারছিল না প্রাণীটি। দীর্ঘ সময় ধরে গাছের ওপর থেকে ডাকাডাকি করতে থাকলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
এলাকাবাসী প্রথমে নিজেদের উদ্যোগে বিড়ালটিকে নামানোর চেষ্টা করলেও গাছটি বেশি উঁচু হওয়ায় তারা ব্যর্থ হন। পরে দুপুরের দিকে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ মই ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর বিড়ালটিকে অক্ষত অবস্থায় নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।
ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল ইসলাম বলেন, মানুষের পাশাপাশি প্রাণী উদ্ধারের কাজও তাদের দায়িত্বের অংশ।
- বিষয় :
- যশোর
- বিড়াল
- উদ্ধার
- ফায়ার সার্ভিস
