ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে শিক্ষার্থীর মৃত্যু
কালবৈশাখী ঝড়ের সময় ঘরের টিনের চালার ওপর গাছ ভেঙে পড়ে।
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ২২:২৭
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় ঘরের টিনের চালার ওপর গাছ ভেঙে পড়ে মো. ফয়েজ (১১) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গজরা ইউনিয়নের টরকিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফয়েজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে। সে স্থানীয় বরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা পেশায় অটোরিকশাচালক। তিন ভাই ও এক বোনের মধ্যে ফয়েজ ছিল সবার ছোট।
বাবা আবু তাহের জানান, ‘মঙ্গলবার সকালে ফয়েজ তার দাদুর সঙ্গে ঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে ঘরের পাশের একটি বড় গামারি গাছ ভেঙে টিনের চালার ওপর পড়ে। এতে চাল দুমড়ে-মুচড়ে নিচে ধসে পড়ে এবং গাছের একটি অংশ ফয়েজের মাথা ও শরীরের ওপর আঘাত করে। তার দাদু সরে যেতে পারলেও ফয়েজ বের হতে পারেনি। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়।’
আবু তাহের আরো জানান, ‘ঘটনার সময় ঘরে পরিবারের আরও সদস্য থাকলেও অন্য কেউ আহত হননি। ফয়েজ ও তার দাদুর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি। পরিবারের আবেদনের পর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। জোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।’
