ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ

বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ
×

টানা বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট নৌপথে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবি: সমকাল

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১১:৪২

কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট নৌপথে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুধবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে ঘাট এলাকায় যাত্রীদের ভিজে ফেরি ও লঞ্চে ওঠানামা করতে দেখা যায়।

যাত্রীরা জানান, বাস থেকে নেমে ফেরি ও লঞ্চে উঠতে যেমন বৃষ্টিতে ভিজতে হচ্ছে, তেমনি নদী পার হয়ে আবার বাসে উঠতেও একই ভোগান্তির শিকার হতে হচ্ছে। এতে ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে কালবৈশাখী ঝড়ের কারণে বুধবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘণ্টা পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া ঘাট থেকে নবগ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ভোগান্তির কথা জানান যাত্রীরা ও পরিবহন শ্রমিকরা। হানিফ পরিবহনের চালক রহমান বলেন, 'গাবতলী থেকে সকাল ৭টায় রওনা দিয়ে সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ঘাটে পৌঁছাই। কিন্তু যানজটের কারণে সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারিনি।'

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম আব্দুল সালাম বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পাশাপাশি বৃষ্টিতে ঘাটের ঢালু অংশ পিচ্ছিল হয়ে পড়ায় ফেরিতে বাস, কোচ ও পণ্যবাহী ট্রাক ওঠানামায় সমস্যা তৈরি হয়। এ কারণেই ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
 

আরও পড়ুন

×