ঈদের আনন্দে তাড়াশে কিশোর-কিশোরীদের মেহেদী উৎসব
ছবি: সমকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১৭:৫৭
ঈদকে ঘিরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী আনন্দের অন্যতম মেহেদী উৎসবে মেতে উঠেছিল সিরাজগঞ্জের তাড়াশের একঝাঁক কিশোর-কিশোরী। নতুন জামা, চুড়ি, ফিতা আর ঈদের উচ্ছ্বাসের সঙ্গে হাতে মেহেদির নকশা যেন যোগ করেছে বাড়তি আনন্দ। বুধবার দুপুরে ভিলেজ ভিশন আয়োজিত এ মেহেদী উৎসব অনুষ্ঠিত হয় তাড়াশ সরকারি বালিকা বিদ্যালয় হলরুমে।
উৎসবে উপজেলার বিভিন্ন এলাকার শিশু-কিশোর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কেউ হাতে আঁকিয়েছে ফুল-লতা পাতার নকশা, কেউবা ভরিয়েছে দুই হাত রঙিন আলপনায়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
উৎসবে অংশ নেওয়া শিশু-কিশোরীদের মধ্যে লামিযা নুসরাত, হিমু, সৃষ্টি, বুশরা ও তাবাসুম জানায়, ‘বন্ধুদের সঙ্গে একসঙ্গে মেহেদি দেওয়ার আনন্দ আলাদা। তারা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করে।’
ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার বলেন, ‘শিশু-কিশোরদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী আয়োজন চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন, গণমাধ্যমকর্মী সোহেল রানা সোহাগ, লুৎফর রহমান এবং নাজমুল হাসান সবুজসহ অনেকে।
- বিষয় :
- ঈদ আনন্দমেলা
